হেরে গেলেও প্রত্যয়ী ব্রাজিলের দিলমা
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২০:৪৪
‘ফুটবল ও রাজনীতি এক নয়’
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ প্রত্যয়ী আর্থিক দুরবস্থা বা বিশ্বকাপ থেকে ছিঁটকে যাওয়া, কিছুরই প্রভাব পড়বে না আসন্ন নির্বাচনে। বিদেশি সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি বললেন, ‘ফুটবল আর রাজনীতি এক নয়’। পাশাপাশি সাম্বার সুর ভাজতে ভাজতে বার্তাও দিলেন, এবার ঘুরে দাঁড়ানোর পালা।
জার্মানির কাছে স্রেফ খড়কুটোর মতো উড়ে যাওয়া ব্রাজিল সে বার্তায় কতটা আশ্বাস পাবে বলা মুশকিল। আমজনতা তো বটেই, ব্রাজিলের ‘স্টার’ নেইমার দ্যা সিলপাও যে মঙ্গলবারের হার মেনে নিতে পারেননি, তা সাংবাদিক সম্মেলনেই স্পষ্ট হয়ে গিয়েছে। প্রকাশ্যে কেঁদে ফেলেছেন নেইমার। ভরসা তবু একটাই। এই ফুটবল তারকার অন্তত বার্সেলোনা আছে। সুযোগ আছে ক্লাব ফুটবলে দুর্দান্ত খেলে হূত সম্মান ফিরিয়ে আনার। আম ব্রাজিলবাসীর সেসব নেই। বেকারত্ব, আর্থিক দুর্দশা, দুর্নীতি এসবে জর্জরিত বাসিন্দাদের কাছে ফুটবলই আশা ভরসার জায়গা ছিল। কিন্তু এখন তাও শেষ। এবং সব কিছুর জন্যই তারা দায়ী করছেন দিলমা ও তার অকর্মন্য প্রশাসনকে।
তবে দিলমা বলেছেন, “ভবিষ্যতেও হয়তো বহু দিন পর্যন্ত এই হারের কথা আলোচনা করব।” তার বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল ঘুরে দাঁড়ানোর কথা, ভুল-ত্রুটি বুঝে নিয়ে নতুনভাবে ফিরে আসার ইতিবাচক ভাবনা-চিন্তা। সাংবাদিকদের সামনে পাওলো ভানজোলিনির ‘পিক ইওরসেল্ফ আপ’ নামে যে গানটির ক’টি ছত্র গুনগুন করেছেন দিলমা, তার প্রতিটি অংশই ইতিবাচক বার্তায় ভরা।
সংশোধনী
গতকাল দৈনিক ইত্তেফাকের আন্তর্জাতিক পাতায় ‘দাওয়াত কবুল’ শিরোনামের প্রতিবেদনে ‘২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী থাকায় মোদীকে ২০০৫ সালে ভিসা দিতে অস্বীকার করে মোদী প্রশাসন’ ছাপা হয়। বাক্যটিতে ‘মোদী প্রশাসন’ এর স্থলে ‘মার্কিন প্রশাসন’ হবে।