ব্রিকস সম্মেলনের আগে মোদী-জিনপিং বৈঠক

ব্রিকস সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ সময়ে তাদের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের সীমান্ত সমস্যাগুলো বন্ধু্ত্বপূর্ণ উপায়ে সমাধানে তারা সম্মত হন। চীনা প্রেসিডেন্ট এ সময় আগামী নভেম্বরে এপেকের সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রীকে আহবান জানান। —টাইমস অব ইন্ডিয়া। দুই নেতা ওইদিন রাতে প্রায় একই সময়ে ব্রিকস সম্মেলনের আগে ব্রাজিলের ফোর্টালিজায় উপস্থিত হন। সম্মেলন শুরু হওয়ার আগে তারা এ বৈঠকে মিলিত হন। উভয়ের মাঝে এ বৈঠককে বেশ আন্তরিকতাপূর্ণ ও ফলপ্রসূ বলে আখ্যায়িত করা হয়। ৪০ মিনিটের এ বৈঠক হওয়ার কথা থাকলেও বিরতিহীনভাবে তা চলে প্রায় ৮০ মিনিট ধরে। দুই দেশের সরকারি বিবৃতিতে বলা হয়, তারা উভয়েই সীমান্ত সমস্যা সমাধানের উপর বেশি গুরুত্ব আরোপ করেন। তারা পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে এ সমস্যা সমাধানের উপর তাগিদ দেন। এতে আরো বলা হয়, যদি চীন-ভারত আন্তরিক-ভাবে এ সকল সমস্যা সমাধানে এগিয়ে আসে তাহলে তা হবে গোটা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত। দুই নেতা উভয়েই ব্রাজিলে ষষ্ঠ ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেখানে যান। মঙ্গলবারে টুইটারে এক বার্তায় মোদী তার এই বৈঠক সম্পর্কে বলেন, এটা বেশ ফলপ্রসূ ও হূদ্যতাপূর্ণ হয়েছে। আমরা আশা করছি, এর মাধ্যমে দুই দেশের অনেক অমীমাংসিত সমস্যাই সমাধান হবে।