আগরতলায় তিন কর্মীর খুনে সম্পাদক দোষী সাব্যস্ত

আগরতলায় একটি সংবাদপত্র অফিসে তিন কর্মীর খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ওই পত্রিকার সম্পাদক সুশীল চৌধুরীকে দোষীসাব্যস্ত করল আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা বিচারক কৃপাঙ্কর চক্রবর্তী ওই রায় ঘোষণা করেন। মামলার রাজসাক্ষী নিয়তি ঘোষকে বেকসুর খালাস করেছে আদালত। ১৭ জুলাই সাজা ঘোষণা করা হবে। গত বছর ১৯ মে শহরের রাজপ্রাসাদ সংলগ্ন প্যালেস কম্পাউন্ডে দিনে-দুপুরে স্থানীয় সংবাদপত্র ‘গণদূত’-এর তিন কর্মী ম্যানেজার সুজিত চৌধুরী, সুজিত ভট্টাচার্য এবং বলরাম ঘোষকে খুন করা হয়েছিল। নিহত বলরামবাবুর স্ত্রী নিয়তিদেবী মামলার রাজসাক্ষী হন। তাকেও পুলিশ গ্রেফতার করে। এ দিন, মামলার রায় শুনতে সকাল থেকেই আদালত চত্বরে ভিড় জমে। রায় ঘোষণার পরে দোষীসাব্যস্ত সুশীল চৌধুরীকে পুলিশ ভ্যানে তোলার সময়, ভিরের মধ্যে একজন তাকে চড় মারেন। সুশীলের আইনজীবীরা আদালত দাবি করেছিলেন, বহিরাগত দু’জন দুষ্কৃতি ওই সংবাদপত্রের দফতরে হানা দিয়েছিল। তারাই তিনজনকে খুন করে। —আনন্দবাজার পত্রিকা