বিশ্বকাপের উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩১২ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। বৃহস্পতিবার বিকেলে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৩১১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
বল হাতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন ইমরান তাহির। জনি বেয়ারস্টোকে দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম উইকেট শিকারি হন তিনি।
এরপর ওয়ান ডাউনে নামা জো রুটকে সঙ্গে নিয়ে এগুতে থাকেন জেসন রয়। দুজন ১০৬ রানে জুটি গড়েন। দলীয় ১০৭ রানে জেসন রয়কে নিজের শিকারে পরিণত করেন আন্দিলে ফেলুকায়ো। দলীয় স্কোরে ৪ রান যোগ হতেই ফের ইংলিশ ব্যাটিং লাইনে আঘাত। এবার জো রুটকে ফেরান কাগিসো রাবাদা। রয় ৫৪ ও রুট ৫১ রান করেন।
আরও পড়ুন : ঈদে সরাসরি গান শোনাবেন মমতাজ
দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর চতুর্থ উইকেটে জুটি বাঁধের ইয়ান মরগান ও বেন স্টোকস। জুটিতে তারাও যোগ করেন ১০৬ রান। এরপর মরগান আউট হন ৫৭ রান করে।
স্টোকসকে রেখে একে একে মাঠ ছাড়েন জোস বাটলার, মঈন আলী ও ক্রিস ওয়েকস। শেষ ব্যাটসম্যান হিসেবে বেন স্টোকস আউট হন। ৭৯ বলে ৯টি চারের মারে ৮৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি।
প্রোটিয়া বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ তিনটি এবং কাগিসো রাবাদা ও ইমরান তাহির দুটি করে উইকেট নেন।
ইত্তেফাক/কেআই