সড়কে শৃঙ্খলা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২১:৩০
যানজটের হাত থেকে রাজধানীবাসী মুক্তি পাচ্ছে না। আশু মুক্তির কোনো লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না। দিন যতই যাচ্ছে ততই সঙ্কট বাড়ছে। কারণ প্রতিদিন রাজধানীতে মানুষের সংখ্যা বাড়ছে। বাড়তি মানুষের প্রয়োজনে বাড়ছে যানবাহন। সীমিত, অপ্রশস্ত, অপরিকল্পিত রাস্তার শহর ঢাকা এখন হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। অযোগ্য হলেও এখান থেকে মানুষ সরে যেতে পারবে না। কারণ এটা তো রাজধানী। সমস্ত কর্মকাণ্ডের জায়গা এটা।
রাজধানী ঢাকা দীর্ঘকাল ধরেই যানজটের নগরী হিসেবে পরিচিতি লাভ করছে। দুঃসহ যানজটে ক্রমেই অবরুদ্ধ হয়ে পড়েছে এই মেগাসিটি। ঢাকা মহানগরীর জনসংখ্যার তুলনায় সড়কের সংখ্যা কম। কিন্তু যানবাহনের সংখ্যা মাত্রাতিরিক্ত। এর মধ্যে অযান্ত্রিক যানবাহনের সংখ্যাও বিপুল। দুনিয়ার কোনো মহানগরীতে এত বেশি অযান্ত্রিক যানবাহন চলাচলের কথা কল্পনায় আনাও কঠিন। তবে অসহনীয় যানজটের কারণ হিসেবে যে সমস্যাগুলো বিষফোঁড়ার মতো বিরাজ করছে সেগুলো হলো যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের প্রবণতা। ফুটপাতগুলোতে দোকানপাট থাকায় প্রতিটি সড়কের এক বড় অংশ ব্যবহূত হয় পথচারীদের চলাচলের জন্য। এর পাশাপাশি রয়েছে রাস্তা দখল করে নির্মাণসাগ্রী রাখার প্রবণতা। এগুলো আইন ভঙ্গের কারণ হলেও তা দেখার কেউ নেই।
রাজধানীকে যানজটমুক্ত করতে প্রয়োজন আরো বিকল্প সড়ক। কিন্তু জনাকীর্ণ রাজধানীতে নতুন সড়ক তৈরির সুযোগ কম থাকায় একের পর এক ফ্লাইওভার তৈরি করে যানজটের হাত থেকে রাজধানীবাসীকে নিষ্কৃতি দেওয়ার চেষ্টা চলছে। সময়ের চাহিদা পূরণে রাজধানীর বিভিন্ন অংশে আরো ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা থাকলেও যানজট নিরসনে প্রথমে যে উদ্যোগ নেওয়া দরকার তা হলো ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা। যেখানে সেখানে পার্কিং নিষিদ্ধ করার পাশাপাশি রাস্তা দখল বা ফুটপাত দখলের প্রবণতা রোধ করা। ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং রাস্তা দখল বন্ধ করা সম্ভব হলে যানজট অনেকটাই সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে।
রাজধানীতে যানজট লাগার কারণ বললে বলতে হয়—রাস্তাঘাটের অপ্রশস্ততা, রাস্তার দু’পাশে অবৈধ দখলদারিত্ব, একই লেনে শ্লো মুভিং ও ফাস্ট মুভিং গাড়ি চলাচল, যত্রতত্র পার্কিং, ফিটনেসবিহীন গাড়ির অবাধ বিচরণ, স্ট্যান্ড ছাড়া গাড়ি থামানো, দিনের বেলা ট্রাক লরি চলাচল, ট্রাফিক পুলিশের সংখ্যাস্বল্পতা, অদক্ষ ও অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা, রাজধানীর অভ্যন্তরে জনবহুল এলাকায় দূরপাল্লার টার্মিনাল স্থাপন ও গাড়ির আগমন-নির্গমন, রাস্তার ওপর হাট-বাজার প্রভৃতি। যানজটের জন্যে দায়ী এই কারণগুলোর মধ্যে অনেকগুলোই স্বল্প সময়ের মধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দূর করা সম্ভব। ঈদকে সামনে রেখে রাজধানীর যানজট সহনীয় পর্যায়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়বদ্ধ ভূমিকা রাখবেন—এমনটিই কাঙ্ক্ষিত।
ঢাকা