লুমিয়া ৫৩০-এ যুক্ত হলো কর্টানা

মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাপস কর্টানা এবারে যুক্ত হলো তাদের নতুন স্মার্টফোন লুমিয়া ৫৩০-এ। আর এর ফলেই স্বল্পমূল্যের ডিভাইসেও আগমন ঘটলো কর্টানার। এর আগ পর্যন্ত লুমিয়ার যে কয়েকটি মডেলে কর্টানা যুক্ত ছিল, সেগুলোর সবই ছিল হাই-এন্ড স্মার্টফোন। ফলে এতদিন পর্যন্ত সাধারণ ব্যবহারকারীদের কাছে একরকমভাবে অধরাই ছিল মাইক্রোসফটের এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। লো-এন্ড এই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ফোন ৮.১। আগামী আগস্ট মাসেই এটি বিক্রির জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। আর এর দাম রাখা হবে দেড়শ ডলারের নিচেই। কিছুদিন আগেই নকিয়ার আশা সিরিজের লো-এন্ড স্মার্টফোনের উত্পাদন বন্ধ ঘোষণা করার পর এই লো-এন্ড স্মার্টফোনে নিজেদের উপস্থিতি বজায় রাখতেই লুমিয়ার নতুন এই মডেল নিয়ে আসা হয়েছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে দামের দিক থেকে লো-এন্ড হলেও এই ফোনের কনফিগারেশন মন্দ হবে না।