নবায়নযোগ্য শক্তিতে মনোযোগী গুগল
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২১:২১
সৌর শক্তি বা বায়ু ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদনে প্রচলিত প্রযুক্তির চাইতে আরও বেশি কর্মদক্ষ প্রযুক্তি উদ্ভাবনের জন্য মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে গুগল। বিশ্বব্যাপী যখন শক্তির সংকট চলছে, তখন এই টেক জায়ান্টও নবায়নযোগ্য শক্তিতেই ভবিষ্যত্ খুঁজছে। বিশ্বব্যাপী তড়িত্ প্রকৌশলীদের শীর্ষ সংগঠন আইট্রিপলই’র সাথে যুক্ত হয়ে ‘লিটলবক্স চ্যালেঞ্জ’ নামের এই প্রতিযোগিতা চালু করেছে গুগল। এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের এমন একটি ডিভাইস তৈরি করতে বলা হয়েছে যা আকারে স্ট্যান্ডার্ড ল্যাপটপের চাইতে বড় নয়। ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তরিত করার উপযোগী হতে হবে এই যন্ত্রকে এবং এর দক্ষতা প্রচলিত ইনভার্টারগুলোর তুলনায় বেশি হতে হবে। এই প্রতিযোগিতার ঘোষণা দিয়ে গুগল গ্রিন টিমের এরিক রেমন্ড এক অনলাইন পোস্টে লিখেছেন, ‘এই লক্ষ্য অর্জনে নিঃসন্দেহে অনেক প্রতিকূলতাকেই অতিক্রম করতে হবে। কিন্তু এই প্রতিযোগিতায় সাফল্য এলে তা নিশ্চয়ই ভবিষ্যতের বিদ্যুত্ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত করবে।’ এই প্রতিযোগিতার বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.littleboxchallenge.com লিংকে।