প্যাটেন্ট নিয়ে স্যামসাংয়ের বিরুদ্ধে মাইক্রোসফটের মামলা

প্যাটেন্ট নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানগুলো প্যাটেন্ট নিয়ে সমঝোতায় পৌঁছাতেই চেষ্টা করছে। এর মধ্যেই এবারে স্যামসাংয়ের বিরুদ্ধে প্যাটেন্ট ভঙ্গের মামলা দায়ের করেছে মাইক্রোসফট। এই দুই প্রতিষ্ঠান ২০১১ সালে মেধাস্বত্ত্ব লাইসেন্স নিয়ে একটি সমঝোতায় পৌঁছায়। তবে স্যামসাং এখন আর সেই সমঝোতার শর্ত মেনে চলছে না বলেই যুক্তরাষ্ট্রের একটি আদালতে এই মামলা দায়ের করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির ডেপুটি কাউন্সেল এক অনলাইন পোস্টে লিখেছেন, ‘স্মার্টফোন নির্মাতা হিসেবে শীর্ষস্থানে পৌঁছানোর পর স্যামসাং গত বছরের শেষের দিক থেকে আমাদের সাথে করা চুক্তি লঙ্ঘণ করে যাচ্ছে।’ বিশেষত নকিয়াকে মাইক্রোসফট কিনে নেওয়ার পর থেকেই স্যামসাং এমনটি করছে বলে অভিযোগ মাইক্রোসফটের। এই মামলা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি স্যামসাং।