এনায়েতপুরে পাওয়া বাক প্রতিবন্ধী ছেলেটি কার

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপসী বাজারে এক চা দোকানীর কুড়িয়ে পাওয়া বাক প্রতিবন্ধী ছেলেটির অভিভাবক মেলেনি। ১৪ বছরের প্রতিবন্ধী ছেলেটি নাম ঠিকানা কিছুই বলতে পারে না। ছেলেটি রোজার প্রথম দিন থেকে চায়ের দোকানদার শহিদ মন্ডলের কাছে অবস্থান করছে। উঁচু, লম্বা, গায়ের রং ফর্সা ছেলেটি তার নাম অস্পষ্টভাবে জাহিদ বলে। চায়ের দোকানদার শহিদ মন্ডল জানান, রোজার প্রথম দিন হঠাত্ ছেলেটি রূপসী বাজারে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করার সময় আমি তাকে ডেকে দুপুরে খাবার খেতে দেই। নাম ঠিকানা জানতে চাই। কিন্তু সে স্পষ্টভাবে কিছু বলতে পারেনি। এর পর থেকে সে আমার কাছেই আছে। গত ঈদের দিন আমি নিজ ছেলে-মেয়ের মত তাকেও সাধ্যমত ভাল পোশাক কিনে দিয়েছি। তিনি আরো জানান, ধারণা করা যায় সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তবে এখন পর্যন্ত ছেলেটির খোঁজ-খবর নিতে কেউ আসেনি। আমরা নানাভাবে চেষ্টা করছি তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে। এজন্য তিনি মোবাইল নম্বর ০১৭৪২-১৯২১৫৩ এবং ০১৭১৮-৭৮৫২৮২ এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।