নেত্রকোনা আ’লীগের দশ বছর সম্মেলন হয়নি
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫১
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সচল থাকলেও গত ১০ বছর যাবত্ জেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। সম্মেলন না হওয়ায় নতুন নেতা-কর্মীরা কমিটিতেও যেতে পারছেন না বলে তাদের মধ্যে এই হতাশার কারণ।
২০০৪ সনের ২৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছিল। সে সম্মেলনে কাউন্সিলারদের সরাসরি ভোটে শামসুজ্জোহা সভাপতি এবং আশরাফ আলী খান খসরু সম্পাদক নির্বাচিত হন। এর এক বছর পর ২০০৫ সনের ফেব্রুয়ারি মাসে জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে কেন্দ্র থেকে অনুমোদন দেয়া হয়। এরপর ২০০৬ সনে নির্বাচন হবার কথা থাকলেও তত্কালীন সরকার বিরোধী আন্দোলনসহ নানান কারণে সম্মেলন হতে পারেনি।
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম বলেন, দলে কোন কোন্দল নেই। উপজেলাগুলোতে সম্মেলন করার কাজ চলছে। ইতিমধ্যে পূর্বধলাসহ উপজেলাগুলোর ওয়ার্ড কমিটিগুলোর নির্বাচন হয়েছে। উপজেলার সম্মেলন শেষ হলেই জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে।