টাকা দিয়ে মুক্তি পেলেন চৌমুহনীর অপহূত ব্যবসায়ী
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫৫
চৌমুহনী থেকে অপহরণ করে ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে দাবিকৃত টাকা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে এক ব্যবসায়ীকে। শনিবার গভীর রাতে অপহূত ব্যবসায়ী চৌমুহনী শহরের নাজিরপুর নিজ বাড়িতে এসে পৌঁছে।
জানা যায়, চৌমুহনী শহরের ব্যবসায়ী সোহেল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের বাদামতলা রোড দিয়ে যাওয়ার সময় অপহরণকারীরা তাকে জাপটে ধরে অজ্ঞান করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। শুক্রবার দুপুর থেকে অপহরণকারীরা মোবাইল ফোনে ব্যবসায়ীর ছোট ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহরণকারীরা ব্যবসায়ীর নিকট থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয় এবং তার কাছে থাকা ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে বুথ থেকে বাকি টাকা উঠিয়ে নেয়। শনিবার সন্ধ্যার পর অপহরণকারীরা অপহূত ব্যবসায়ীকে কাঁচপুর এলাকায় এনে ঢাকা-রায়পুর রুটের একটি বাসে উঠিয়ে দেয়। রাত একটার সময় ব্যবসায়ী সোহেল নিজ বাড়ি শহরের নাজিরপুরে এসে পৌঁছে।