প্রকল্প সংশ্লিষ্ট এলাকার জনগণকে প্রকল্পের সুবিধা সম্পর্কে জানাতে গণমাধ্যমে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম। তিনি বলেন, করদাতা হিসেবে জনগণ প্রকল্পের সুবিধা সম্পর্কে জানার অধিকার রাখেন। তিনি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর সুবিধা সম্পর্কে জানাতে টেলিভিশন কমার্শিয়াল, স্পট রিপোর্টিং, টকশো, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়াসহ প্রচার মাধ্যমের বিভিন্ন উপকরণ ব্যবহারের পরামর্শ দেন। চলতি ২০১৮-১৯ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৪৭টি উন্নয়ন প্রকল্প রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫৭ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে জিওবিখাতে ৯শ’ ৩৮ কোটি ২৬ লাখ টাকা, প্রকল্প সাহায্যখাতে ৪৯ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নখাতে ৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। বৈঠকে ভারপ্রাপ্ত শিল্পসচিব নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত প্রকল্পের অর্থছাড়ের নির্দেশনা দেন। তিনি বলেন, অর্থছাড়ের পরপরই তা খরচের বিষয়ে নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে। নিয়ম অনুযায়ী অর্থখরচের জন্য প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। তিনি প্রকল্প সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। মামলার অজুহাতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য হবে না বলে তিনি সবাইকে সতর্ক করেন।