যেকোনো তলকে টাচস্ক্রিনে পরিণত করবে টাচপিকো

স্মার্টফোন বা ট্যাবলেট পিসির কল্যাণে টাচস্ক্রিনের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে গেছে। টাচস্ক্রিনের এই জনপ্রিয়তার কারণে এখন ল্যাপটপ বা ডেস্কটপের ডিসপ্লেতেও যুক্ত হচ্ছে টাচস্ক্রিন প্রযুক্তি। তবে এবারে ইনডিগোগো প্রজেক্টের আরওতায় টাচপিকো নামে এমন একটি অ্যান্ড্রয়েড প্রজেক্টর তৈরি করা হয়েছে, যেটি যেকোনো তলকেই টাচস্ক্রিনে পরিণত করতে সক্ষম। হাতের তালুতে এঁটে যাওয়ার মতো ক্ষুদ্রাকৃতির এই প্রজেক্টর যেকোনো দেওয়ালে ৮০ ইঞ্চি পর্যন্ত আকারের ছবি প্রজেকশন করতে পারে। আর প্রজেকশন করা ছবি পুরোটাই ইন্টার্যাক্টিভ হয়ে ওঠে এর সাথে দেওয়া ইনফ্রারেড স্টাইলাসের কল্যাণে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থিত এই প্রজেক্টরে যেকোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনই ব্যবহার করা যায়। ফলে এই প্রজেক্টর ব্যবহার করে কোনো গেম দেওয়ালে প্রজেকশন করলে সেই দেওয়ালে এর স্টাইলাস দিয়েই খেলা যায় গেমটি। শুধু তাই নয়, স্কাইপের ভিডিও কল কিংবা যেকোনো ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপও এই প্রজেক্টর আর স্টাইলাসের কল্যাণে ব্যবহার করা যাবে যেকোনো তলেই। দেওয়াল, মেঝে কিংবা টেবিলের উপরিতলকেও টাচপিকোর মাধ্যমে ইন্টার্যাক্টিভ টাচস্ক্রিনে পরিণত করা যায় সহজেই। আর স্মার্টফোন বা ট্যাবলেটের মতো ডিভাইসের টাচস্ক্রিনে স্টাইলাস বা আঙুল ব্যবহার করে যতটা স্বচ্ছন্দ্যে কাজ করা যায়, ঠিক ততটাই স্বাচ্ছন্দ্যের সাথে টাচপিকোর স্টাইলাস ব্যবহার করে কাজ করা যাবে বলে জানিয়েছে ইনডিগোগো প্রজেক্ট। এই ডিভাইসে আরও রয়েছে এইচডিএমআই এবং অডিও আউট পোর্ট। বিল্ট-ইন ওয়াই-ফাই থাকায় এই প্রজেক্টরে অ্যান্ড্রয়েডের স্ক্রিনকাস্ট প্রযুক্তিও ব্যবহার করা যাবে। ক্রাউডসোর্সিং প্রজেক্টের আওতায় তৈরি টাচপিকোর মূল্য রাখা হয়েছে ৫০০ ডলার। আগামী অক্টোবরেই একে বাজারে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে ইনডিগোগো।