এক বছরে হুয়াওয়ে স্মার্টফোনের বিক্রি বেড়েছে দ্বিগুণ
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২০:০৮
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার ২৩.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী মোবাইল ফোন ট্র্যাকার সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী ২৯.৫৩ কোটি ফোন শিপমেন্ট হয়েছে, যা একটি প্রান্তিকের জন্য রেকর্ড। এই প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় বাজার বৃদ্ধি হয়েছে ২.৬ শতাংশ। এই বৃদ্ধির মূলে মোবাইল কম্পিউটিংয়ের চাহিদা বৃদ্ধি এবং স্বল্পমূল্যের মোবাইল ফোনের সহজলভ্যতাকে নির্দেশ করেছে আইডিসি। আইডিসি আশা করচে বছরের দ্বিতীয়ার্ধেও এই বৃদ্ধি অব্যাহত থাকবে এবং প্রথমবারের মতো তৃতীয় প্রান্তিকে ৩০ কোটির বেশি মোবাইল শিপমেন্ট হবে। এই প্রান্তিকটি স্যামসাং এবং অ্যাপলের জন্য বেশ কঠিন হলেও চীনা কোম্পানিগুলো অনেক এগিয়ে গেছে। এদের মধ্যে সবচেয়ে সফল ছিল হুয়াওয়ে, যারা গত বছরের তুলনায় দ্বিগুণ মোবাইল শিপমেন্ট করেছে। এ সময়ে লেনোভোর সাফল্যও ছিল উল্লেখযোগ্য। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়ে ১০.৪ মিলিয়ন স্মার্টফোন শিপমেন্ট করলেও এই বছরের একই সময়ে তারা স্মার্টফোন শিপমেন্ট করেছে ২০.৩ মিলিয়ন ইউনিট। চীনে হুয়াওয়ের ফোরজি সমর্থিত স্মার্টফোনগুলোই এই সাফল্যের মূলে ছিল বলে জানিয়েছে আইডিসি।