স্মরণকালের বৃহত্তম হ্যাকিংয়ে শঙ্কায় প্রযুক্তিবিশ্ব
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২০:১৩
রাশিয়ান এক হ্যাকারদল বিভিন্ন ওয়েবসাইট থেকে একশ কোটিরও বেশি অনলাইন অ্যাকাউন্টের নাম এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ডের তথ্য হাতিয়ে নিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকরা জানাচ্ছেন, তাদের চুরি করা তথ্যের মধ্যে রয়েছে ১.২ বিলিয়ন বা ১২০ কোটি অনলাইন অ্যাকাউন্টের নাম এবং সেসব অ্যাকাউন্টের পাসওয়ার্ডের সমন্বিত তথ্য। এর সাথে আরও প্রায় ৫০ কোটি ইমেইল ঠিকানাও হস্তগত হয়েছে এই হ্যাকার দলের। এখন পর্যন্ত পরিমাণের দিক থেকে এটিই বৃহত্তম হ্যাকিংয়ের ঘটনা। যুক্তরাষ্ট্রের উইসকনসিন স্টেটের নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হোল্ড সিকিউরিটি এই হ্যাকিংয়ের ঘটনাকে প্রথম চিহ্নিত করে। তারা জানিয়েছে, ছোট-বড় চার লক্ষাধিক ওয়েবসাইট থেকে হ্যাকাররা এই বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে। হোল্ড সিকিউরিটি ছাড়াও বেশ কিছু সাইবার নিরাপত্তা ফার্ম ও নিরাপত্তা বিশ্লেষক স্মরণকালের বৃহত্তম এই হ্যাকিংয়ের সত্যতা নিশ্চিত করেছেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে একজন সাইবার অপরাধ বিশেষজ্ঞ জানিয়েছেন, বড় বড় কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানও এই হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে অবগত রয়েছে এবং তাদের সাইটের বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য হ্যাকারদের হাতে রয়েছে বলেও তারা জ্ঞাত রয়েছে। হ্যাকারদের হাতিয়ে নেওয়া তথ্যের মধ্যে বিভিন্ন ব্যক্তিগত তথ্যও রয়েছে। এ প্রসঙ্গে হোল্ড সিকিউরিটির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার বলেন, ‘হ্যাকাররা কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট ধরনের ওয়েবসাইটকে লক্ষ্য করে হামলা চালায়নি। বরং বলতে গেলে তাদের সামনে যেসব ওয়েবসাইট এসেছে, তার সবগুলো থেকেই তথ্য চুরি করেছে। আর যেসব ওয়েবসাইটের তথ্য চুরি গেছে, তাদের প্রায় সবগুলোই এখনও ঝুঁকির মুখে রয়েছে।’ হোল্ড সিকিউরিটি সূত্রে জানা গেছে, রাশিয়ার এই হ্যাকার দল নিজেদের ‘সাইবার ভর’ (রাশিয়ান শব্দ ‘ভর’-এর অর্থ চোর) নামে পরিচয় দিয়ে থাকে। ২০ জন হ্যাকারের এই দলের সদস্যরা নিজেদের মধ্যে পরস্পর পরিচিত না হলেও তারা নিজেরা ছোট একটি কোম্পানির মতো করে কাজ করে থাকে। হোল্ড সিকিউরিটি জানিয়েছে, এখন পর্যন্ত চুরি হওয়া তথ্যের কিছু কিছু বিক্রি করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। বাকি তথ্যগুলো উচ্চমূল্যে বিক্রির জন্যই অপেক্ষা করছে ‘সাইবার ভর’। স্মরণকালের সবচেয়ে বড় এই হ্যাকিংয়ের ঘটনায় পুনরায় নড়েচড়ে বসতে হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে।