চীনে এবার ইন্সট্যান্ট ম্যাসেজিংয়ে বিধিনিষেধ আরোপ
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২০:১৪
একের পর এক আইটি বিষয়ক নানা পণ্যে বিধিনিষেধ আরোপের পর এবারে ইন্সট্যান্ট ম্যাসেজিংয়ের ওপর কড়াকড়ি আরোপ করেছে চীন সরকার। চীনের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইন্সট্যান্ট ম্যাসেজিং সেবা গ্রহণের জন্য সবাইকে নিজেদের প্রকৃত নাম ব্যবহার করতে হবে। ইন্সট্যান্ট ম্যাসেজিংয়ের মাধ্যমে শেয়ার করা বিভিন্ন তথ্যের দায় স্বীকার করে তথ্যের অপব্যবহার রোধ করার লক্ষ্য নিয়েই নতুন এই নিয়ম আরোপ করা হয়েছে বলে জানিয়েছে চীনের স্টেট ইনফরমেশন অফিস। এর ফলে দেশটিতে ক্রমবর্ধমান ইন্সট্যান্ট ম্যাসেজিং সেবা ব্যাপকভাবে প্রভাবিত হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। চীনে ইন্সট্যান্ট ম্যাসেজিং সেবার মধ্যে উইচ্যাট, কিউকিউ, লাইওয়াং, ইক্সিন, মিলিয়াও প্রভৃতি অত্যন্ত জনপ্রিয়। এসব সেবাতে খুব মানুষই প্রকৃত নাম ব্যবহার করে থাকে বলে জানিয়েছে চীনের সংবাদ সংস্থা জিনহুয়া।