অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

ঢাকার মিরপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এ সময় বাসি ইফতার সামগ্রী ফ্রিজে একই চেম্বারে কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ ও খাবারে তেলাপোকাসহ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৩টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।

জানা গেছে, অভিযানের সময় সিটি মহল থাই চাইনিজ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা, অনুমোদন বিহীন দই তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই, বোরহানি সংরক্ষণ করার অপরাধে নিউ ক্যাফে ধানসিঁড়িকে ৫০ হাজার টাকা এবং বাসি ইফতার সামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে মেজবানকে ৫০ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

আরো পড়ুন: ৫০ করার আগেই পাকিস্তানের তিন উইকেট নেই

এই তদারকি কাজে মিরপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

ইত্তেফাক/এমআই