বাংলাদেশ ক্রিকেট লিগ

ইয়াসির ও শহীদুলের দিন

পূর্বাঞ্চলের হয়ে আগের দিনই সেঞ্চুরি করেছিলেন সামসুর রহমান শুভ। গতকাল সেই তালিকায় নাম লেখালেন ইয়াসির আলী। তার সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের বিপক্ষে অলআউট হওয়ার আগে ৪৭৩ রান করেছে পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের রাজ্জাক নিয়েছেন ৫ উইকেট। জবাবে দক্ষিণাঞ্চল ৮৯ রান তুলেছে ৪ উইকেট হারিয়ে।

দিনের অন্য ম্যাচে উত্তরাঞ্চলকে ২৫৫ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়েছেন শহীদুল ইসলাম। প্রথম ইনিংসে ২২০ রান করা মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৫০ রান তুলতে পেরেছে।

আগের দিনের ৪ উইকেটে ৩১৪ রান দিয়ে দিন শুরু করেছিল পূর্বাঞ্চল। উইকেটে ছিলেন তাসামুল ও ইয়াসির আলী। তাসামুল দিনের শুরুতে ৪৮ রান করে ফিরে যান। এরপর ইয়াসিরকে আর সেভাবে কেউ সঙ্গ দিতে পারছিলেন না। দ্রুতই ৯ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ১০ নম্বরে নামা এনামুল হক জুনিয়র ৯৭ রানের দারুণ এক জুটি করেন ইয়াসিরের সাথে। এনাম ৪৬ রান করে আউট হন। আর শেষ ব্যাটসম্যান হিসেবে ১১২ রান করে ফেরেন ইয়াসির।

জবাব দিতে নেমে মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। ফজলে রাব্বি ও রকিবুল একটা বাঁধ দেওয়ার চেষ্টা করেন। রাব্বি ২৯ রান করে ফেরেন। আর রকিবুল ৩৩ রান নিয়ে উইকেটে আছেন।  মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয়েছিল। জবাবে ১ উইকেটে ৭২ রান নিয়ে গতকাল দিন শুরু করে উত্তরাঞ্চল; ১ উইকেট তারা হারিয়েছিল ১৪ রানে। গতকাল ১৩০ রানের জুটি করে তবে বিচ্ছিন্ন হন মিজানুর রহমান ও ফরহাদ হোসেন। মিজানুর ৮১ রানে আউট হন। আর ফরহাদ ৫৪ রান করেন। এরপর উত্তরাঞ্চলের ইনিংস জুড়ে নাঈম ইসলামের একক লড়াই। তিনি এক প্রান্তে ব্যাট করে গেছেন। অন্য প্রান্তে নিয়মিত উইকেটের পতন হয়েছে। শেষ পর্যন্ত নবম ব্যাটসম্যান হিসেবে ৬১ রান করে ফেরেন নাঈম।

৩৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা মধ্যাঞ্চল ২৭ রানে হারিয়েছিল ২ উইকেট। এরপর ৩ উইকেটে ৫০ রান নিয়ে দিন শেষ করেছে তারা। 

সংক্ষিপ্ত স্কোর:

পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল

পূর্বাঞ্চল-১ম ইনিংস: ১৩৭.২ ওভারে ৪৭৩/১০ (সামসুর ১৫৩, ইয়াসির ১১২, রনি ৫৩, তাসামুল ৪৮, এনাম জুনিয়র ৪৬; রাজ্জাক ৫/১৭১, ফজলে রাব্বি ২/১৪, মেহেদী ২/৯৯)।

দক্ষিণাঞ্চল-১ম ইনিংস: ৪০ ওভারে ৮৯/৪ (রকিবুল ব্যাটিং ৩৩, ফজলে রাব্বি ২৯; মাহমুদুল ২/২৬)।

মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল

মধ্যাঞ্চল-১ম ইনিংস: ৬২.৫ ওভারে ২২০/১০

এবং ২য় ইনিংস: ১৫.৪ ওভারে ৫০/৩ (শান্ত ব্যাটিং ২২)।

উত্তরাঞ্চল-১ম ইনিংস: ৮১.৪ ওভারে ২৫৫/১০ (মিজানুর ৮১, নাঈম ৬১, ফরহাদ ৫৪; শহীদুল ৬/৬৪, মোশাররফ রুবেল ২/৫৬, আবু হায়দার ২/৫৯)।