রেসিপি :
নাস্তার ৩ পদ
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ১৯:৪৬
বৈচিত্র্যময় স্বাদের নাস্তার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। আপনি ইচ্ছা করলেই ঘরে বসে তৈরি করতে পারেন নানা স্বাদের নাস্তা। ভিন্নধর্মী ৩ পদের নাস্তা নিয়ে এবারের রেসিপি দিয়েছেন স্বপ্নীল রন্ধন প্রশিক্ষণ কেন্দ্রের রন্ধনশিল্পী রওশন আরা আর ছবি তুলেছেন সোহেল মামুন
বি ফ ব ল স্টি ক
উপকরণ :গরুর মাংসের কিমা বাটা ১ কাপ, আদা রসুনের রস ১ চা চামচ, পেঁয়াজের রস ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, সয়াসস ও ওয়েস্টার সস ২ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ও ময়দা ২ টেবিল চামচ, ডিম ১টা, লবণ পরিমাণমতো, ভাজার জন্য তেল পরিমাণমতো, বাঁশের স্টিক ৩-৪টা, শসা, গাজর, পেঁয়াজ ১টা করে কাঁচামরিচ ৩-৪টা।
প্রণালি :তেল বাদে উপরের সব উপকরণ একসাথে মেখে ২ ঘণ্টা রেখে দিন। এবার গোল গোল বল করে ডুবো তেলে ভেজে নিন হালকাভাবে। এবার উঠিয়ে রাখুন। পেঁয়াজ, শসা, টমেটো কিউব করে কেটে নিন। এবার একটা বল, পেঁয়াজ, বল, শসা, বল, টমেটো এভাবে পর্যায়ক্রমে সাজিয়ে নিন। অন্য একটি প্যানে তেল অল্প দিয়ে গরম হলে স্টিক দিয়ে স্যতে করে নিন। সবশেষে ২ টেবিল চামচ টমেটো সস দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
চি কে ন স্যা ন্ডু ই চ
উপকরণ :মুরগির বুকের মাংস ১ কাপ (সেদ্ধ করা), মেয়োনিজ ১ কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লেবুর রস আধা চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ পরিমাণমতো, মাখন ৩ টেবিল চামচ, পাউরুটি ৬ স্লাইস, গ্রেট করা চিজ ১ চা চামচ।
প্রণালি :মুরগির মাংস ও সামান্য আদা, রসুন ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ করা মাংস মিহি করে নিন। তারপর পাউরুটি ও মাখন বাদে অন্য সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার পাউরুটির সাইড কেটে তিনকোনা করে কেটে নিন। তারপর কেটে রাখা পাউরুটির টুকরায় মাখন লাগিয়ে তৈরি করা মিশ্রণ রুটির উপর সমান করে লাগিয়ে নিন। অন্য টুকরায় মাখন লাগিয়ে মিশ্রণ লাগানো টুকরার উপর রাখুন। এবার সেলোফেন পেপারে মুড়ে নিন। তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডুইচ।
ফি শ ব ল
উপকরণ :রুই মাছের ফিঠের অংশ ৬ পিস, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, ধনেপাতা ও পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, চিনি সিকি চা চামচ, টমেটো সস ১ টেবিল চা চামচ, আলু সেদ্ধ ২টা, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলার গুঁড়া সিকি চা চামচ, ময়দা ৪ টেবিল চামচ, ডিম ২টা, ব্রেড ক্রাম ১ কাপ, লবণ পরিমাণমতো, ভাজার জন্য তেল পরিমাণমতো।
প্রণালি :মাছ সামান্য আদা রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে কাটা বেছে নিন। সেদ্ধ আলু ভালো করে চটকে রাখুন। এবার প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে বাদামী হলে মাছ, আলু ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিন। এবার এর সাথে ব্রেড ক্রাম, ময়দা ও ডিম বাদে অন্য সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিন। এবার গোল গোল করে ময়দায় গড়িয়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে ২০/২৫ মিনিট ফ্রিজে রাখুন। তারপর প্যানে তেল দিয়ে গরম হলে বলগুলো দিয়ে বাদামী করে ভেজে নিন। সস দিয়ে পরিবেশন করুন।