জোয়ারের পানিতে মোরেলগঞ্জের ১০ কি.মি রাস্তা বিধ্বস্ত
মোরেলগঞ্জ(বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২১:২১
বাগেরহাটের মোরেলগঞ্জে অস্বাভাবিক জোয়ারের স্রোতে উপজেলার কয়েকটি ইউনিয়নের ১০ কি.মি কাঁচা পাকা রাস্তা বিধ্বস্তসহ বহু জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়ীবাঁধ না থাকায় পৌরসভা সদরসহ কয়েকটি ইউনিয়নের অনেক কাঁচা, পাকা ও পিচ ঢালাই রাস্তা দেবে গেছে। অনেক ইউনিয়নের রাস্তার ইট ভেসে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছে ইউনিয়নবাসী।
সরেজমিনে জানা গেছে, প্রতিবছর বিশেষ করে জুলাই-আগষ্ট মাসে অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে মোরেলগঞ্জসহ উপকূলীয় এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়। এতে জনসাধারণের ভোগান্তিসহ সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকে না। পৌর সদরের রাস্তাগুলো অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় বাজারের ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
অধিকাংশ দোকানে জোয়ারের পানি ঢুকে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়। পৌর সদরের কাপুড়িয়া পট্টি, কলেজ রোড, পুরাতন থানা এলাকা, ফেরিঘাট এলাকা, উপজেলা চত্বর, ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ড অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে যায়। পৌর সদরের বারইখালী পুরাতন থানা এলাকা ও পূর্ব সরালিয়া গ্রামের শত শত পরিবার পানি বন্দী হয়ে পড়ে। পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে পৌর সদরসহ ১০ ইউনিয়নের ২০ গ্রাম প্লাবিত হয়।
মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ আলী জানান, প্রবল জোয়ারের পানিতে গাবতলা এলাকায় প্রায় ১ কি.মি. পাকা রাস্তা ধসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
চিংড়াখালী ইউনিয়নের ৪/৫নং ওয়ার্ডভুক্ত চন্ডিপুর হতে যাত্রাঘাট পর্যন্ত ৩ কি.মি. বেড়ীবাঁধ ভেঙ্গে গেছে, একই ইউনিয়নের সিংজোড় ঘোপের বাজার হতে তালতলা বাজার পর্যন্ত পাকা রাস্তার বিভিন্ন স্থান থেকে ধসে গেছে বলে জানিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম।