সহিংসতায় ক্ষতিগ্রস্ত ডোমারের স্কুলগুলো আজও সংস্কার হয়নি
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৩
৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো আজও সংস্কার হয়নি। সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় বিদ্যালয়গুলোতে একাডেমিক কাজ ব্যাহত হচ্ছে নানাভাবে। নির্বাচনী সহিংসতায় প্রাথমিক, উচ্চ বিদ্যালয় এবং কলেজসহ ক্ষতিগ্রস্ত হয় ২১টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
এখানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংস্কার কাজ করা হলেও বরাদ্দ না আসায় পড়ে রয়েছে কলেজ, উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসাসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডোমার সরকারি কলেজ, ডিমলা উপজেলার সাতজান উচ্চ বিদ্যালয়, আকাশ কুড়ি দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, ছোট খাতা ফাজিল মাদ্রাসা, জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম ছকিনীয়া বহুমুখী দাখিল মাদ্রাসা, উত্তর দেশিবাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং বগুলাগাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়।
ক্ষতিগ্রস্তদের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে সাতজান উচ্চ বিদ্যালয়। সহিংসতায় বিদ্যালয়টির কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিজ্ঞানাগারের সরঞ্জমাদি, স্টিল ও কাঠের আলমিরা, র্যাক, টেবিল-চেয়ার, গদির চেয়ারসহ অন্যান্য আসবাব এবং একাডেমিক ভবন। ক্ষয়ক্ষতির পরিমাণ টাকায় দাঁড়ায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।
নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২২ লাখ ২৭ হাজার ৬৭২ টাকার চাহিদাপত্র দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালেও সেটি আলোর মুখ দেখেনি আজও। যার কারণে সংস্কার কাজ করতে পারছে না দপ্তরটি।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর সহকারী প্রকৌশলী খোরশেদ আলম জানান, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে আমরা সংস্কার কাজের চাহিদাপত্র পাঠিয়েছি কিন্তু অর্থ ছাড় না হওয়ায় বাস্তবায়ন করা যাচ্ছে না।