ফরিদপুর ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হচ্ছে না
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৫
প্রায় ৫ বছর আগে নির্মাণ কাজ শুরু হয়ে ধীরে ধীরে কাজ শেষ হলেও এখন পর্যন্ত চালু হয়নি ফরিদপুর উপজেলা ফায়ার সার্ভিসের কার্যক্রম। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন করেছেন।
জানা যায়, ফরিদপুর ফায়ার সার্ভিসের জন্য লোকবল নিয়োগ করা হয়েছে। অজ্ঞাত কারণে ফায়ার সার্ভিসের সেবাদান থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার ২ লক্ষাধিক মানুষ । ফলে নবনির্মিত এ ভবনটিতে ফায়ার সার্ভিসের গাড়ির পরিবর্তে শোভা পাচ্ছে নিষিদ্ধ ঘোষিত করিমন গাড়ি।
উপজেলায় কোথাও অগ্নিকাণ্ড ঘটলে পার্শ্ববর্তী চাটমোহর অথবা বেড়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসে গাড়ি আসে। গত দু’মাসে হাদল, ধানুয়াঘাটা, মৃধাপাড়া এবং সমপ্রতি বেড়হাউলিয়া গ্রামে আগুন লেগে সবমিলে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে যায়। অন্য উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। যথাসময়ে ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হলে হয়তো জনগণের অনেক কম ক্ষয়ক্ষতি হতো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ ব্যাপারে তেমন কিছু বলতে পারেননি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, আগামী এক মাসের মধ্যে ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হবে।