রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় দখলের চেষ্টা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৬
রাজশাহী মহানগরীর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জনৈক আবদুল জব্বারের ছেলে আবদুল কাদেরের জায়গায় প্রতিষ্ঠিত বলে সে ওই পৈতৃক জমি এখন বাবার নামে খারিজ করাতে চান।
আবদুল কাদের দাবি করেছেন, এসএ খতিয়ানটি তার বাবা আবদুল জব্বারের নামে ছিল। একটা ফটোকপিও তার কাছে আছে। তার দাবি অনুযায়ী পরবর্তী সময়ে প্রকাশিত আরএস খতিয়ানটি ভুলবশত রাজশাহী পৌরসভার নামে হয়েছে। তিনি মামলা করে তার পক্ষে আদালতের রায়ও পেয়েছেন।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জমশেদ আলী বলেন, ১৯৬৬ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। সিএস খতিয়ানে উক্ত জমির মালিক হচ্ছেন করিমুন নেছা বিবি, আরিমন নেছা বিবি ও মতি বেওয়া। পরবর্তী সময়ে প্রকাশিত এসএ খতিয়ানে জমির মালিক সিঅ্যান্ডবি ও আরএস খতিয়ানে রাজশাহী পৌরসভা। আশির দশকে রাজশাহী পৌরসভা রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়। তার পর থেকে উক্ত জমির মালিক রাজশাহী সিটি কর্পোরেশন। তিনি আরো জানান, গত ২ ফেব্রুয়ারি তারা বিদ্যালয়ের আঙিনার ভেতরে জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে ওয়াস ব্লক নির্মাণ করতে গেলে আবদুল কাদের তাদের বাধা দেন। এমনকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও মিস্ত্রির নামে আদালতে মামলা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম বলেন, এরপর তিনি খোঁজ-খবর নিয়ে জানতে পারেন, ২০০৫ সালে জমির মালিকানা দাবির মামলার প্রেক্ষিতে আদালত একতরফাভাবে আবদুল কাদের পক্ষে রায় দেন। পরে আপিল করা হলেও বিভিন্ন সময়ে বদলির কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবর্তন হওয়ায় আদালতের নির্দেশনা প্রতিপালনের অভাবে আপিল খারিজ হয়ে যায়। এখন বোয়ালিয়া থানা, জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বিদ্যালয়ের পক্ষে লড়ছেন বলে জানা গেছে।