পৃথক ঘটনায় ৪ জন খুন

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চার জন খুন হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। বিজয়নগরে সংঘর্ষে মহিলার মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রসুলপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে আহত হালিমা খাতুন (৫৮) চিকিত্সাধীন অবস্থায় সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গত ১২ আগস্ট রসুলপুর গ্রামের মোমরাজ আলী ও সবুজ আলীর মধ্যে ঝগড়া হয়। এ সময় নিহত ব্যক্তির দেবর সবুজের উপর্যুপরি লাঠির আঘাতে ভাবী হালিমা খাতুন গুরুতর আহত হয়। ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার রাতে সে মারা যায়। মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার মৌলভীবাজারের সদর উপজেলার কামালপুর এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার নতুন বাজার ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। কালুখালী থেকে যুবকের লাশ উদ্ধার রাজবাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির মালিয়াট গ্রামের রাবেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চন্দনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ । কটিয়াদীতে যুবকের লাশ উদ্ধার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও মামুদপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার সুরতহাল করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার করগাঁও ইউনিয়নের মামুদপুর-নিকলী রাস্তার পাশে একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে কটিয়াদী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। কটিয়াদী থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর রাস্তার পাশে তার লাশ ফেলে রাখে। কালিয়াকৈরে পরিত্যক্ত ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্দারমানিক পূর্বপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মঙ্গলবার বিকালে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু মোঃ ইব্রাহিম মিয়া (৩) রাজবাড়ীর পানশা উপজেলার সাবাজপুর এলাকার ইসলাম উদ্দিনের পুত্র।