বিভিন্ন ঘটনায় ৬ জনের মৃত্যু
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২১:৩৭
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যুর সংবাদ পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা
সারিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দিতে বন্যার পানিতে ডুবে মারা গেছে সাকিব হোসেন নামের ৭ বছরের এক শিশু। মঙ্গলবার উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের শেখপাড়া ঘুঘুমারি এলাকায় এই ঘটনা ঘটেছে । নিহত শিশু সাকিব ঐ গ্রামের মিজানুর রহমানের ছেলে ।
চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতার মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল মঙ্গলবার মনসুর হেলাল সোহাগ নামের এক ছাত্রলীগ নেতার স্ট্রোক করে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের পুত্র।
ছাতকে শাপলা কুড়াতে গিয়ে একজনের মৃত্যু
সিলেটের ছাতকে শাপলা ফুল কুড়াতে গিয়ে বিলের পানিতে নিখোঁজ হওয়া সমর দাস-এর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দু’দিন পর একই সময়ে একই জায়গায় তার লাশ ভেসে উঠে। গতকাল মঙ্গলবার তেরাবিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সখীপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে মানিক মিয়া (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষকের বাড়ি উপজেলার শোলা প্রতিমা গ্রামে।
মানিক মিয়ার ছোট ভাই আবদুল কাদের জানান, সোমবার রাতে মানিক মিয়াকে একটি বিষধর সাপ ছোবল দেয়। সাপের ছোবল খেয়ে স্থানীয় কবিরাজের কাছে গেলে তিনি বিষ নামাতে ব্যর্থ হন। পরে সখীপুরে সাপের ভ্যাকসিন না থাকায় রাতে গুরুতর আহত অবস্থায় তাকে মধুপুর জলছত্র হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুরে মাছ ধরতে গিয়ে ১ জনের মৃত্যু
গতকাল মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুরের মাঠিলা গ্রামে কুদলা নদীতে মাছ ধরতে ১ জনের মৃত্যু হয়েছে। উপজেলার মাঠিলা গ্রামের মসলেম উদ্দিনের পুত্র লুত্ফর রহমান মঙ্গলবার এলাকার কুদলা নদীতে মাছ ধরতে যেয়ে ডুবে যায়। সকালে স্থানীয়রা তাকে মৃত্য অবস্থায় নদী থেকে উদ্ধার করে ।
গজারিয়ায় সিএনজি চালক নিহত
মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দিতে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় সিএনজি স্কুটার চালক আব্দুল হান্নান (৪০) নিহত হয়েছেন। সে স্থানীয় চর বাউশিয়া গ্রামের মোতালেব মিয়ার পুত্র। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ উদ্দিন আহম্মেদ জানান, কোন যাত্রী ছাড়াই সিএনজি নিয়ে জামালদি যাওয়ার পথে সামনে দাঁড়ানো একটি অজ্ঞাত বড় যানকে সজোরে আঘাত করে। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচরে যায় এবং ঘটনাস্থলে চালক নিহত হয়।