সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায়
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২১:৩৭
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি রাস্তাটি বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় । ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রাস্তায় হাঁটু পানি জমে যায়। যার কারণে পূর্বাঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
রাস্তার দুই পাড় উঁচু হওয়ার কারণে আশেপাশের বাড়ির পানি নেমে রাস্তাটি ডুবে যায় । জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন যাত্রীবাহী পরিবহন এ রাস্তা দিয়ে চলাচল করছে। এ রাস্তা দিয়ে পূর্ব এলাকার মানুষ আসতে হয় উপজেলা সদর বাঞ্ছারামপুরে এবং যেতে হয় জেলা সদর ব্রাহ্মণবাড়িয়ায়। বর্ষণে ছলিমাবাদ থেকে ফরদাবাদ পর্যন্ত রাস্তার অধিকাংশ জায়গা ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রোস্তম আলম জানান, রাস্তার মধ্যে গর্ত ও ছোট-খাটো ভাঙ্গনগুলো মেরামত করার চেষ্টা চলছে।