গোড়াই-সখীপুর সড়কে খানা-খন্দক দুর্ভোগে হাজারো মানুষ

মির্জাপুরের গোড়াই-সখীপুর-ঢাকা রোডের ৪০ কি. মি. রাস্তার বিভিন্ন স্থানে খানা-খন্দক সৃষ্টি হয়ে ও পানি জমে ৫ উপজেলার হাজার হাজার মানুষ চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে। টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল, সখীপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলাবাসীর ঢাকার সঙ্গে সহজ পথে যোগাযোগের একমাত্র সড়ক এটি। গত দুই যুগ ধরে ৫ উপজেলার হাজারো মানুষ চলাচলে চরম ভোগান্তিতে রয়েছে। এলাকাবাসীর দাবির মুখে ৪০ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণসহ নির্মাণের জন্য যোগাযোগ মন্ত্রণালয় ২০১১ সালে ২৯ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু নানা জটিলতার কারণে অর্থছাড় বিলম্ব হওয়ায় নির্মাণ কাজ অনিশ্চিত হয়ে পড়ে। গত বছর যোগাযোগ মন্ত্রী রাস্তার বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং রাস্তার কাজ পুনরায় শুরু করার জন্য নির্দেশ প্রদান করেন। মন্ত্রীর নির্দেশের পর কিছুদিন কাজ হলেও আবার বন্ধ হয়ে যায়। এ রোডের গোড়াই থেকে গারো বাজার পর্যন্ত কাজ না হওয়ায় পুরো রাস্তায় ছোট-বড় খানা-খন্দকের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন স্থানে হাঁটু পানি জমে আছে। বর্ষা মৌসুম শুরুর পর থেকে প্রতিদিন ভাঙ্গাচোরা স্থানে বাস-ট্রাক আটকে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সওজ) মো. মামুনুর রশিদ জানান, গোড়াই-সখীপুর-ঢাকা রোডের বেশকিছু কাজ হয়েছে। বৃষ্টির কারণে কিছু কিছু রাস্তা ভেঙ্গেছে ও খানা-খন্দক সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমলে ভাঙ্গা রাস্তা মেরামত করা হবে।