নোয়াখালী উপকূলে বোয়াল মাছের পোনা নিধন
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২১:২৭
জেলার উপকূলীয় এলাকার মেঘনা, শাখা নদী ও সংযুক্ত খালগুলোতে অবাধে জাটকা বোয়াল নিধন চলছে। গত কয়েক দিন ধরে প্রবলবর্ষণ ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধির সাথে সাথে জালে ব্যাপক হারে বোয়াল মাছের জাটকা ধরা পড়ছে।
হাতিয়ার মেঘনা নদী, টাংকির খাল, চেয়ারম্যান ঘাট, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন জেলেরা অন্য জাতের মাছের সাথে হাজার হাজার জাটকা বোয়াল নিধন করে চলছে।
এ জাটকা উপকূলের পার্শ্ববর্তী বাজারগুলোতে, জেলা শহর ও জেলার বাইরে মাছ ব্যবসায়ীরা সরবরাহ করে আসছে। জেলা শহরের পৌরবাজারে সরেজমিন দেখা যায়, প্রতিদিন কয়েক মণ জাটকা বোয়াল বিক্রির জন্য বাজারে আসে। বাজারের একজন মাছ ব্যবসায়ী জানান, টনে টনে এ জাটকা নদী ও খালে ধরা পড়ছে এবং তা বাজারে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অনেক খুচরা মাছ ব্যবসায়ী এ জাটকা বোয়ালকে পাবদা মাছ বলে বিক্রি করে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে। অবাধে জাটকা বোয়াল নিধন সর্ম্পকে জেলা মত্স্য কর্মকর্তা বিলকিস তাহমিনাকে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে অবহিত নন বলে জানান। তবে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।