রাজশাহীর সপুরায় বিশুদ্ধ পানির অভাব
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২১:২৭
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সপুরা এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এতে পানিবাহিতসহ বিভিন্ন রোগের প্রকোপও বেড়ে চলেছে। “পলিটিক্যাল ফেলো, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী যৌথভাবে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানানো হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পলিটিক্যাল ফেলো সিফাত জেরিন তুলি তার বক্তব্যে বলেন, ওই এলাকায় চাহিদার তুলনায় গভীর নলকূপ কম। আবার যেগুলো রয়েছে সেগুলোর বেশির ভাগই অকেজো। ফলে বিশুদ্ধ পানির অভাবে দূষিত পানি পান করায় স্থানীয়দের পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে চলেছে। এসব রোগে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি।
এ সম্মেলনে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন বলেন, রাজশাহীতে ওয়াসা চালুর পর থেকে পানি সরবরাহের দেখভালের দায়িত্ব তাদের। তবুও সিটি কর্পোরেশন এলাকাবাসীর সহযোগিতায় অকেজো নলকূপগুলো মেরামতের ব্যবস্থা করছে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক সমন্বয়কারী আফসানা বেবী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পলিটিক্যাল ফেলো নুরুন্নাহার বৃষ্টি প্রমুখ।