মুন্সীগঞ্জে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগবাড়ি গ্রামে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও ভবনের মালিক প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ গ্রামবাসী বলেন, খালটি ভরাট করে গ্রামের শান্তি কেড়ে নেয়া হচ্ছে। পঞ্চসার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নাসির খান নামে এক ব্যক্তি খাল দখল করে ভবন নির্মাণ করছেন। কাজ বন্ধ করে খালের অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হলেও তিনি কোন কথা শুনছেন না। অন্যদিকে নাসির হোসেন খাল দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিজের জমিতেই ভবন নির্মাণ করছেন।