চৌদ্দগ্রামে শিশুকে পুড়িয়ে হত্যা, পিতা আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে কামরুল হাসান (১৩) নামের এক শিশুকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শিশুটির পিতা জাহেদুল হককে (৪৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বীরচন্দ্রনগর গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও সরেজমিন গিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাহেদুল হকের সাথে স্ত্রী কহিনুর বেগমের পারিবারিক বিরোধ চলছিল। ছয় মাস আগে কহিনুর প্রতিবন্ধী ছেলে কামরুল হাসানকে রেখে অপর দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর জাহেদুল হক প্রতিবন্ধী সন্তান কামরুল হাসানকে নিয়ে বসবাস করে আসছিল। অভিযোগে জানা যায়, মঙ্গলবার বিকেলে জাহেদুল ছেলে কামরুল হাসানকে হাত-পা বেঁধে ঘরের ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় শিশু কামরুল হাসানের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিতা জাহেদুল হককে আটক করে থানায় নিয়ে আসে।