‘রাজশাহীর রেশম শিল্পকে বাঁচিয়ে তুলবো’
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২১:৩০
রাজশাহীর ঐহিত্য রেশম শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং তিন বছরের মধ্যে এই শিল্পকে লাভজনক করার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
গত মঙ্গলবার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (বারেউবো) সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, ‘ভর্তুকি দিয়ে হোক, আর ঋণ নিয়েই হোক, সরকার যে কোনো মূল্যে রাজশাহীর ঐতিহ্য রেশম শিল্পকে বাঁচিয়ে তুলবে। রেশম শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে।
মন্ত্রণালয় সে অনুযায়ী কাজ করছে।’ বারেউবো’ মহাপরিচালক স্বপন চন্দ্র পাল প্রতিমন্ত্রীর সামনে রেশম বোর্ডের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরেন।
তিনি প্রতিমন্ত্রীকে জানান, বিশ্বব্যাংকের নির্দেশনায় প্রাইভেটাইজেশনের কথা বলে ২০০২ সালে বিএনপি সরকার দুইটি রেশম কারখানা বন্ধ করে দেয়।
১২ বছর পার হয়ে গেলেও ওই কারখানা দু’টির ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বোর্ডের ১৭৯টি পদ শূন্য থাকায় নিম্ন পদবির লোক দিয়ে উচ্চ পদের কাজ করানো হচ্ছে। কারখানা বন্ধ থাকায় সুতার উত্পাদন কমেছে। ফলে রেশম পোকার ডিমের উত্পাদন ৫২ লাখ থেকে কমে ৩ থেকে ৪ লাখে এসে দাঁড়িয়েছে।