স্টোরেজ ডিভাইসের বাজারে আসছে এএমডি

প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের পর স্টোরেজ ডিভাইসের বাজারেও প্রবেশ করতে যাচ্ছে এএমডি। স্টোরেজ হিসেবে তারা বাজারে আনতে যাচ্ছে সলিড স্টেট ড্রাইভ। গেমিংয়ের বাজারকে মাথায় রেখেই মূলত তারা এই স্টোরেজ ডিভাইসগুলো বাজারে আনছে। তোশিবা পরিচালিত প্রতিষ্ঠান ওসিজেডের সহায়তাতেই মূলত রেডঅন সিরিজের সলিড স্টেট ড্রাইভগুলো আনবে এএমডি। তোশিবার এ ১৯-ন্যানোমিটার ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি থাকবে এএমডির সলিড স্টেট ড্রাইভে। স্টোরেজ ডিভাইসের কোড নাম হিসেবে ‘রেডঅন’কে বেছে নেওয়ার বিষয়ে এএমডি জানিয়েছে, গ্রাফিক্স কার্ডের বাজারে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত একটি ব্র্যান্ড হিসেবে রেডঅন সুপ্রতিষ্ঠিত। তাদের সলিড স্টেট ড্রাইভগুলোও একইরকম উন্নত মান ও সেবা নিশ্চিত করবে। সে কারণে এই নামটিই বেছে নিয়েছে এএমডি। এএমডি জানিয়েছে ১২০ জিবি, ২৪০ জিবি এবং ৪৮০ জিবি স্টোরেজে ড্রাইভগুলো বাজারে আসবে যাদের মূল্য হবে যথাক্রমে ১০০ ডলার, ১৬৪ ডলার এবং ২৯৯ ডলার।