চট্টগ্রাম মহানগর বিএনপির ৩০ নেতাকর্মীর আগাম জামিন

নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী ও নগর যুবদল সাধারণ সম্পাদক মোঃ শাহেদসহ মহানগর ও বায়েজিদ থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩০ নেতাকর্মী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহম্মদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত ছয়টি আবেদনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।

উল্লেখ্য, সরকারের কাজে বাধা, বিস্ফোরক ও নাশকতার অভিযোগে গত ২ মাসে বায়েজিদ বোস্তামী থানায় মোট ১০টি মামলা করে পুলিশ। এই মামলায় গতকাল হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে নগর বিএনপি নেতা ইয়াকুব চৌধুরী, ডাঃ ফরিদ, আবদুল হাই, বিএনপি নেতা এসএম আবুল কালাম আবু, কামরুল ইসলাম, সৈয়দ মন্জুর হোসেন, ডাঃ ফরহাদ, নগর যুবদলের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, মোঃ আবদুল করিম, যুগ্ম সম্পাদক মোঃ এরশাদ হোসেন, জিল্লুর রহমান জুয়েল, জাফর আহমেদ খোকন, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহিন ও শাবু আগাম জামিনের আবেদন করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার তানজির ইসলাম ও ব্যারিস্টার শানজিদ।