ঘরে বসেই মিলবে ভাতার টাকা!

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতাসমূহ (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা) ডিজিটাল উপায়ে প্রদানের লক্ষ্যে আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়। আগামী ২০১৯ সাল থেকেই ঘরে বসেই মিলবে এসব ভাতার টাকা। এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে সচেতনতামূলক কর্মসূচির কার্যক্রম শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমাপনী দিনের সচেতনতামূলক কর্মসূচিতে ওই ইউনিয়নের ১৫০ জন ভাতাভোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পলাশী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম। এসময় ইউপি সদস্য, সাংবাদিক ও উপকারভোগী উপস্থিত ছিলেন।

এ সময় শরীফুল ইসলাম ভাতাভোগীদের উদ্দেশ্য বলেন, ডিজিটাল উপায়ে ভাতা প্রদান করা হলে, নিজের ইউনিয়নে বসে ভাতা তুলতে পারবেন। মোবাইল নম্বরে ভাতা প্রাপ্তির তথ্য যাবে, বার বার ব্যাংকে কিংবা অফিস যেতে হবে না, সময় যাতায়ত খরচ ও হয়রানী হতে রেহাই পাওয়া যাবে। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সূত্র মতে, উপজেলার ৮টি ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচির আওতায় ১১ হাজার ১শ ৮ জন বয়স্ক ভাতা, ৪ হাজার ৮শ ৭২ জন বিধবা ভাতা ও ৩ হাজার ৮শ ৮২ জন প্রতিবন্ধী উপকারভোগীকে ভাতা প্রদান করা হচ্ছে।