পাকিস্তান যে ওয়েস্ট ইন্ডিজের কাছে এমন নাস্তানাবুদ হবে তা কেউ ভাবতে পারেনি। তাও আবার বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। দলের এমন পারফরম্যান্স নিয়ে দেশটির ক্রিকেটপ্রেমীরা রীতিমতো হতাশ ও ক্ষুব্ধ।
শুধু তাই নয়, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররা লজ্জাজনক এই হারকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই হারের জন্য পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের কঠোর সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। একসময়ের ক্রিকেটের সবচেয়ে গতির তারকা শোয়েব আখতার প্রশ্ন তুলেছেন সরফরাজ আহমেদের ফিটনেস নিয়ে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শোয়েব আখতার বলেন, পাকিস্তানের এই হার খুবই হতাশাজনক। বিশ্বকাপের মতো ম্যাচ খেলার জন্য পুরোপুরি আনফিট সরফরাজ। যখন সে টস করতে আসে, তখন দেখা গেলো তার পেট বেরিয়ে আসছে। তার চেহারায় চর্বি বেড়ে গেছে। অধিনায়কের শরীরে খেলোয়াড়দের মতো কাঠামো দেখা যায়নি।
আরো পড়ুন: দুর্বল বিপণন পদ্ধতিতে মার খাচ্ছেন তাঁতিরা
পাকিস্তানের এই সাবেক পেসার বলেন, সরফরাজই প্রথম অধিনায়ক, যাকে আমি দেখলাম পুরোপুরি আনফিট। খেলার সময় দেখলাম সে নিজেকে নাড়াতেই পারছে না। উইকেটের পেছনেও তাকে বল ধরতে খুব পরিশ্রম করতে হচ্ছে।
শুক্রবার ইংল্যান্ডের নটিংহামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে ব্যাটিং-বোলিংয়ে সমানভাবে পরাস্ত হয় পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় সরফরাজের দল। সহজ এই টার্গেটকে তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় পায় ক্যারিবীয়রা।
ইত্তেফাক/জেডএইচ