ইন্দোনেশিয়ায় চলমান এএইচএফ কাপ হকির তৃতীয় ম্যাচে ইরানকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে জাকার্তায় বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ ৬-২ গোলে ইরানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে।
অনেকেরই ধারণা ছিল ইরানকে হারাতে পারবে না। ইরান শক্তিশালী দল। বাংলাদেশের জিমি, আশরাফুল, খোরশেদ, রাব্বি, মিলন, মিমো, নাইম, গোলকিপার খুজুর বিপ্লব, রোমান সরকার, প্রিন্স, ফজলে রাব্বিরা লড়াই করেছেন।
চার কোয়ার্টারের খেলায় ইরানের আনাসারির গোলে ১-০, প্রথম চার মিনিটেই পিছিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার হতে আশরাফুল ইসলামের দুই গোল, সমতা এনে এগিয়ে নিয়ে যায় প্রথমার্ধেই ২-১। তার পর দুর্দান্ত খেলেছে বাংলার খেলোয়াড়রা। তৃতীয় কোয়ার্টারে ৫-২ হয় স্কোর লাইন।
খোরশেদুর রহমান, মিলনের গোলের পর আশরাফুল হ্যাটট্রিক পূর্ণ করেন। ইরানের অধিনায়ক নাভিদ গোল করেন ২-৫। চতুর্থ কোয়ার্টারে রোমান সরকার গোল সংখ্যা বাড়িয়ে দেন ৬-২। ১৭ মার্চ ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ।