পরিবারের চার জনই ক্রিকেটার। বাবা অ্যালভার্ট মরকেল ক্রিকেটার ছিলেন। তার তিন পুত্রও ক্রিকেটার। বড় ছেলে অ্যালবি মরকেল দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অ্যালবির ছোট মরনে মরকেলও প্রোটিয়ার সাবেক তারকা ফাস্ট বোলার।
অ্যালভার্টের আরেক ছেলে মালান মরকেল অবশ্য অনূর্ধ্ব-১৯ দলের গন্ডির বাইরে আর খেলেননি। অ্যালভার্টের বড় ছেলে অ্যালবি মরকেলকে খণ্ডকালীন পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে টাইগারদের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। ৪০ বছর বয়সী অ্যালবি মূলত এক সপ্তাহের মতো সময় বাংলাদেশের কয়েকটি সেশনে যুক্ত থাকবেন।
ইতোমধ্যে জোহানেসবার্গে তামিম-সাকিবদের সঙ্গে কাজ শুরু করেছেন সাবেক এ প্রোটিয়া অলরাউন্ডার। গতকাল (১৫ মার্চ) বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে টানা কয়েক মৌসুম খেলেছেন অ্যালবি। এখন ফাঁকাই ছিলেন। তাই তাকে কয়েকটি সেশনে কাজে লাগাচ্ছে বিসিবি। জালাল ইউনুসের আশা, তার দক্ষতা-অভিজ্ঞতা সাহায্য করবে বাংলাদেশের ব্যাটারদের।
খণ্ডকালীন হলেও এই প্রথম কোনো পাওয়ার হিটিং পরামর্শক জাতীয় দলে নিয়োগ দিলো বিসিবি। খুব অল্প সময়ের মধ্যেই দুই জন প্রোটিয়া কোচ যুক্ত হলেন টাইগার শিবিরে। কদিন আগেই অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ নিয়োগ দেয় বিসিবি। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে ডোনাল্ডের সঙ্গে।
অ্যালবি মরকেল দক্ষিণ আফ্রিকার হয়ে ১ টেস্ট, ৫৮ ওয়ানডে ও ৫০ টি-২০ খেলেছেন। ২০১৮ সালের পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলছেন না তিনি।