সিরাজগঞ্জ পৌর এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের সব ট্যাক্স মওকুফ

সিরাজগঞ্জ পৌরসভায় বসবাসকারী মুক্তিযোদ্ধাদের সকল প্রকার কর মওকুফ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।  

পৌরসভা সূত্রে জানা যায় গত ২০১৬-১৭ অর্থ বছর থেকে প্রায় ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মহিলা মুক্তিযোদ্ধাদের হোল্ডিং কর, পরিষ্কার রেইট, বিদ্যুৎ রেইট, পানি রেইট সহ বিভিন্ন পৌর কর মওকুফ করছেন সিরাজগঞ্জ পৌর মেয়র। 

এব্যাপারে শহরের ১নম্বর ওয়ার্ড নিবাসী বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন জানান,  দীর্ঘ দিন থেকে পৌরসভার বিভিন্ন ট্যাক্স আমাকে মওকুফ করা হয়েছে। এ জন্য পৌর মেয়র কে জানাই সকল মুক্তিযোদ্ধাদের তরফ থেকে ধন্যবাদ।
 
বীর মুক্তিযোদ্ধার পরিবার সিরাজগঞ্জ শহরের মন্ডলপাড়ার আম্বিয়া বেগম জানান, আমার স্বামী দীর্ঘদিন পূর্বে মারা গেছেন । সরকার প্রদত্ত সম্মানি ভাতাই আমার পরিবার পরিজন নিয়ে চলা  এবং ছেলে মেয়ের পড়াশোনা চালানোর একমাত্র উৎস। এই মুহূর্তে পৌর মেয়রের পদক্ষেপকে আমি  সাধুবাদ জানাই । 

এব্যাপারে সাবেক সদর উপজেলা কমান্ডার গাজী ফজলুর রহমান খান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  গাজী শফিকুল ইসলাম শফি বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাদের এই ট্যাক্স মওকুফ সত্যিই একটি বিরল ঘটনা। তারা আরও জানান সিরাজগঞ্জ পৌরসভায় বসবাসকারী যে সব বীর মুক্তিযোদ্ধা আবেদন করেছেন তারা সকলেই এই সুফল ভোগ করছেন যা সত্যিই প্রশংসার দাবীদার। 

এব্যাপারে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা জানান,বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে এদেশের দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়ে মাতৃভূমিকে স্বাধীন করার লড়াইয়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ফিরিয়ে আনেন তাদের মাতৃভূমির স্বাধীনতা। সেই শহীদদের রক্ত স্নাত বাংলার মাটিতে সিরাজগঞ্জ পৌর এলাকায় বসবাসকারী মুক্তিযোদ্ধাদের এইটুকু সহযোগীতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আগামীতে তাদের উন্নয়নের জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।