আমরা কেন ভালো খেলতে পারবো না: তামিম

দক্ষিণ আফ্রিকায় অতীতে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস ভালো নয়। স্বাগতিকদের বিপক্ষে কোনো জয় নেই। বিপরীতে বাজেভাবে হারার রেকর্ডই বেশি। সেই ধারা ভাঙার পরিকল্পনা নিয়ে এবার আফ্রিকার দেশটিতে গিয়েছে টাইগাররা।

শুক্রবার (১৮ মার্চ) প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে তামিম বাহিনী। কন্ডিশন ও পরিস্থিতি বিবেচনায় এই সফর কঠিন হলেও তা নিয়ে ভাবতে চান না তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়কের প্রশ্ন, আমরা কেন ভালো খেলতে পারবো না।

আজ বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সংম্মেলনে আসেন তামিম ইকবাল। শুক্রবার বিকাল ৫টায় সেঞ্চুরিয়ানে খেলা শুরু হবে। এই মাঠে এর আগে কখনো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি টাইগাররা। এবারই প্রথম। মাঠটিও অনেক ছোট, রান হয় বেশি।

তামিম ইকবাল বলেন, ‘এই মাঠে আমাদের ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। তাই এখানে খেলা একটু চ্যালেঞ্জিং হবে। এখানে অনেক রান হয়, মাঠের পরিমাপ ছোটো ও আউটফিল্ড ভালো। এটা হাই স্কোরিং মাঠ, পরিসংখ্যান দেখি আর যাই দেখি। আমাদের ভালো করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। ওরা অনেক শক্তিশালী হয়েই আসবে। এতে কোনো সন্দেহ নেই। আমাদের ভালোভাবে মোকাবিলা করতে হবে।’

দক্ষিণ আফ্রিকায় তাদের বিপক্ষে ভালো না খেলার কোনো কারণ দেখছেন না জানিয়ে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ওদের বিপক্ষে আমরা আগেও ভালো খেলেছি। বিশ্বকাপে ভালো করেছিলাম (জয় পেয়েছিল বাংলাদেশ)। এখন কেন ভালো খেলতে পারবো না। এর কোনো কারণ দেখছি না।’

নিজেদের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘এখানে তিন-চারটা প্রাকটিস সেশন করা হয়েছে, যতটুকু সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তবে আমরা সবসময় যেভাবে খেলি, এটি সেরকম কন্ডিশন না। তবে ভালো খবর হলো, আমরা সেন্ট্রাল উইকেটেও অনুশীলন করতে পেরেছি, প্রস্তুতি ম্যাচের মতো ব্যাটিং করেছি। তবে আপনি সারা বছর এক কন্ডিশনে খেলে এসে এখানে দুই-তিন-পাঁচ দিনের অনুশীলনে সব পরিবর্তন হয়ে যাবে না।’