ক্যাটরিনার অ্যাকশন পরিচালক হলেন সালমান!

বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’ নিয়ে শুরু থেকেই জোর আলোচনা চলছে। ভক্তরাও অপেক্ষায় আছেন আবারও তাদের একসঙ্গে দেখার। জানা গেছে, সিনেমাটিতে ক্যাটরিনা একজন পাকিস্তানি এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। যাকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে হাজির হতে দেখবেন দর্শকরা। তবে আগের সিনেমাগুলোর পাশাপাশি এই সিনেমাতেও অ্যাকশন দৃশ্যের কাজ নিজেই করলেও কয়েকটি দৃশ্যের অ্যাকশন ডিরেক্টরের ভূমিকা পালন করেছেন সিনেমাটির হিরো সালমান।

ক্যাটরিনার অ্যাকশন পরিচালক হলেন সালমান খান!—এমন খবর ছড়িয়ে পড়তেই নানা মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বলা যায়, সিনেমাটি ঘিরে বাড়তি কৌতুহল প্রকাশ করছেন সিনেপ্রেমীরা।

প্রোডাকশনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সালমান চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং করার সময় একটি বিশেষ ভূমিকা নিয়েছিলেন। ক্যাটরিনা সিনেমাটির কয়েকটি অ্যাকশন দৃশ্যে কিছু ডাবল ফ্লিপ করেছেন। কঠিন অ্যাকশন কোরিওগ্রাফি সমন্বিত এই দৃশ্যগুলোর সময় সালমান খান আক্ষরিক অর্থেই একজন অ্যাকশন পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ক্যাটরিনাকে কিছু অ্যাকশন সিকোয়েন্স ভালোভাবে সম্পাদন করতে সাহাঘ্য করেছেন।

ক্যাটরিনা কাইফ ও সালমান খান। ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘প্রতিটি সিনেমায় সাধারণত নিজেই অ্যাকশন দৃশ্যের কাজ করি। কিন্তু এই সিনেমায় বেশ কয়েকটি দৃশ্যে কাজ করা আমার জন্য কঠিন ছিল। তবে সালমানের সহায়তায় ভালোভাবেই উত্রে গেছি। সালমানকে অ্যাকশন ডিরেক্টরের চেহারায় দেখে খানিক মজাও পেয়েছিলাম। আসলে তার সঙ্গে অভিনয় করা মানেই নতুন অভিজ্ঞতা। আমার বিশ্বাস, আমাদের আগের সিনেমাগুলোর মতো টাইগার থ্রি সবার মন জয় করবে। কারণ আগের সিনেমাগুলোর মতো এই সিনেমাটির শুরু থেকে দর্শকদের প্রতিক্রিয়া আমাকে মুগ্ধ করেছে। চেষ্টা করছি তাদের প্রত্যাশার বিষয়টি মাথায় রেখে কাজ করার। এটুকু বলতে পারি, এই সিনেমাটিতে নতুন নতুন চমক নিয়েই আমরা হাজির হচ্ছি। নতুন ক্যাটরিনা-সালমানতে দেখবে ভক্তরা।’

উল্লেখ্য, এরইমধ্যে ক্যাটরিনার ‘টাইগার থ্রি’ সিনেমার প্রস্ত্ততির নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দারুণ অ্যাকশন নির্ভর এই সিনেমাটিতে সালমান ক্যাটরিনার পাশাপাশি ইমরান হাশমি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। আগামী বছরের ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। 

এদিকে ‘টাইগার থ্রি’ ছাড়া বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আছে ক্যাটরিনা। সেই তালিকায় রয়েছে ‘জে লে জারা’, মেরি ক্রিসমাস’, ‘ফোন ভুত’, জুয়েল অব ইন্ডিয়া’সহ রিমো-ডি-সুজার নাম ঠিক না হওয়া একটি সিনেমা। ‘জে লে জারা’ সিনেমায় প্রিয়াঙ্কা, আলিয়ার সঙ্গে দেখা যাবে তাকে

সালমান খান-ক্যাটরিনা কাইফের সিনেমা মানেই বলিপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা। বরাবরই নতুন কিছু নিয়ে দর্শকদের মাঝে হাজির হন তারা। ‘টাইগার থ্রি’তেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করছেন সবাই!

ইত্তেফাক/বিএএফ