বছরের শুরুতে নিউজিল্যান্ডে ২১ বছরের বন্ধ্যাত্ব ঘুচিয়েছিল বাংলাদেশ দল। দেশটিতে টানা ৩২ ম্যাচ হারের পর পরম আরাধ্য জয় পেয়েছিল টাইগাররা। মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জয়ের ইতিহাস আত্মবিশ্বাস ছড়িয়েছে বাংলাদেশ দলে। দক্ষিণ আফ্রিকা সফরেও তাই এবার তামিম ইকবালদের সঙ্গী দুর্গ ভাঙার মিশন। গত ২০ বছরে নিজেদের মাঠে প্রোটিয়ারাও অপরাজিত আছে বাংলাদেশের বিপক্ষে।
এতবছর ধরে তিন ফরম্যাটে ১৯ ম্যাচ হারা টাইগার বাহিনী এবার ভিন্ন গল্প লিখতে চায়। ওয়ানডে সিরিজ দিয়েই দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই মিশন শুরু হচ্ছে। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেঞ্চুরিয়নে আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকায় জয়ের খাতা খোলার মিশনে বাংলাদেশকে সাহস যোগাচ্ছে পূর্ণ শক্তির দল। শেষ পর্যন্ত সাকিবও খেলছেন সিরিজটা। চার সিনিয়র ক্রিকেটারের সঙ্গে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা আছেন দলে। দলগতভাবে জ্বলে উঠাই হবে বাংলাদেশের জয়ের মন্ত্র। তবে সবার আগে কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে জিততে হবে। আইসিসি ওডিআই সুপার লিগে ১৫ ম্যাচে ১০০ পয়েন্ট আছে তামিম বাহিনীর। প্রোটিয়াদের ঘরে প্রথম জয়ের সঙ্গে সুপার লিগের পয়েন্ট বাড়ানোর চেষ্টায় থাকবে পুরো দল। দক্ষিণ আফ্রিকার জন্যও সিরিজটা গুরুত্বপূর্ণ। ওডিআই সুপার লিগে ১০ ম্যাচ খেলে প্রোটিয়ারা জিতেছে তিনটি। সর্বশেষ হোম সিরিজে অবশ্য ভারতকে উড়িয়ে দিয়েছে টেম্বা বাভুমার দল। যা আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদেরকে। সুপার লিগের ম্যাচ বলেই পূর্ণ শক্তির দলই খেলবে স্বাগতিকদের। ওয়ানডে সিরিজ শেষেই দলটির অনেক ক্রিকেটার যোগ দিবেন আইপিএলে। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে অতীতের দাপটও হারাতে চাইবে না দলটি। তবে তিন বছরের পুরোনো একটা হিসেব চুকানোর চেষ্টা করবে প্রোটিয়ারা। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেছিল তারা।
দলের পেসার লুঙ্গি এনগিদি বলেছেন, সেই হারের ক্ষত এখনো পোড়ায় তাকে। নিশ্চিতভাবেই টাইগারদের বিপক্ষে এই সিরিজে তেতে থাকবে লুঙ্গির সতীর্থরাও।