সুস্বাদু হালুয়া 

শবে বরাতে সামাজিক রেওয়াজ হলো সুস্বাদু হালুয়া বানানো এবং সঙ্গে রুটি বানিয়ে সেই হালুয়া প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে বিতরণ করা। তাই শবে বরাতের হালুয়া তৈরি ও বিতরণ এখন সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে। এবারের আয়োজনে কয়েকটি হালুয়া তৈরির রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

নারকেল ও গাজরের বরফি

নারকেল ও গাজরের বরফি

প্রয়োজনীয় উপকরণ 

  • নারকেল কোড়ানো ১ কাপ
  • গাজর কুঁচি ১ কাপ
  • মাওয়া ১ কাপ
  • চিনি ২ কাপ
  • ঘি ১ টেবিল চামচ
  • তেল ২ টেবিল চামচ
  • এলাচ গুঁড়া সামান্য পরিমাণ। 

নারকেল ও গাজরের বরফি

প্রস্তুত প্রণালী: প্রথমে অল্প পানিতে চিনি মিশিয়ে নিন। তারপর প্যানে ঘি ও তেল গরম করে নারকেল ও গাজর দিয়ে নাড়তে থাকুন পানি না শুকানো পর্যন্ত। এরপর পানি শুকিয়ে গেলে চিনি, মাওয়া ও এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মাখামাখা করে নেবেন। সবশেষে নামিয়ে ঠাণ্ডা করে বিভিন্ন আকৃতিতে কেটে নিন। এভাবেই তৈরি হয়ে গেলো মজাদার ‘নারকেল ও গাজরের বরফি’, যা পরিবেশন করবেন চালের আটার রুটির সঙ্গে। 

ডিমের হালুয়া

ডিমের হালুয়া

প্রয়োজনীয় উপকরণ 

  • ডিম ৪টি
  • চিনি ৩-৪ কাপ
  • ঘন দুধ ৩-৪ কাপ
  • ঘি ১-২ কাপ
  • এলাচ ২টি
  • দারুচিনি ২ সেমি. ২ টুকরা
  • গোলাপজল ২ টেবিল চামচ
  • জাফরান সামান্য পরিমাণ
  • মাওয়া বা পেস্তা কুঁচি পরিমাণমতো। 

ডিমের হালুয়া

প্রস্তুত প্রণালী: প্রথমে গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। তারপর ডিম ভালো করে ফাটিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। এবার হালকা আঁচে কড়াইয়ে মিশ্রণটি ঢেলে নাড়তে থাকুন। সাবধানে নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। ডিম জমাট বেঁধে মিহিদানার মতো হলে হালুয়া থেকে ঘি বের হবে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে মাওয়া বা পেস্তা কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজার স্বাদের ‘ডিমের হালুয়া’।

ছোলার হালুয়া

ছোলার হালুয়া

প্রয়োজনীয় উপকরণ 

  • ছোলার ডাল ৫০০ গ্রাম
  • দুধ ১ লিটার
  • চিনি ৭৫০ গ্রাম
  • ঘি চারভাগের এক কাপ
  • এলাচ ও দারুচিনি গুঁড়া পরিমাণমতো
  • গোলাপজল ১ টেবিল চামচ
  • কিশমিশ ৩ টেবিল চামচ
  • পেস্তা বাদাম কুঁচি ৩ টেবিল চামচ। 

ছোলার হালুয়া

প্রস্তুত প্রণালী: প্রথমে ছোলার ডাল, দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে গেলে গরম অবস্থায় বেটে নিতে হবে। কড়াইতে ঘি দেওয়ার পর ডাল বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চিনি দেবেন। এবার আরও কিছুক্ষণ নাড়ুন। এরপর এলাচ, দারুচিনি গুঁড়ো দিতে হবে। হালুয়া তাল বেঁধে উঠলে কিশমিশ, গোলাপজল দিয়ে কিছুক্ষণ নেড়ে-চেড়ে চুলা থেকে নামিয়ে বরফি করা চাইলে বড় খাঞ্জায় ঘি লাগিয়ে পেস্তা বাদাম খুঁচি ছিটিয়ে গরম হালুয়া ঢেলে সমান করতে হবে। ঠাণ্ডা হলে ছাঁচে বসিয়ে বিভিন্ন নকশা করে পরিবেশন করুন সুস্বাদু ‘ছোলার হালুয়া’।