ইরাকের কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তারা যদি ইসরায়েলের গুপ্তচরবৃত্তির তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেন তাহলে মোসাদের ঘাঁটিতে আবার হামলা চালানো হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ এই মন্তব্য করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে দেওয়া সাক্ষাৎকারে রামেজান শরীফ বলেন, 'যেসব ঘাঁটি থেকে ইরানের নিরাপত্তা ব্যবস্থার ওপর হামলা চালানো হয় সেসব ঘাঁটি ধ্বংস করা আমাদের স্বাভাবিক অধিকার এবং এটি ইরানের জন্য রেড লাইন।'
তিনি জানান, সাম্প্রতিক হামলার আগে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বেশ কয়েকবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নেতাদেরকে মোসাদের ঘাঁটি থাকার ব্যাপারে সতর্ক করেছেন।
জেনারেল রামেজান শরীফ আরও বলেন, 'যদি ইরাকি কর্মকর্তারা ইহুদিবাদীদের ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে ভূমিকা রাখেন এবং আমাদের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে তাহলে আমরা সেগুলোর ওপর হামলা চালাতে মোটেই দ্বিধা করবো না।'
এর আগে ইরান দাবি করে, গত শনিবার আইআরজিসি এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্য ইরাকের কুর্দিস্তানের মোসাদ ঘাঁটিতে হামলা চালায়। পার্স টুডে।