শরিফুল-তাসকিন ঝড়ে চাপে দ. আফ্রিকা

টস হেরে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার সামনে ৩১৪ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস মাঠের ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড মাত্র একবার। সেটাও ২০১৬ সালে।

জোড়া শতক হাঁকিয়েছিলেন হাশিম আমলা ও কুইন্টন ডি কুক। তাদের দুজনের কেউই এই ম্যাচে নেই। এমন সমীকরণ নিয়ে ব্যাটিং করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৯ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে তারা। স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতেই প্রোটিয়া শিবিরে প্রথম আঘাতটি হানেন পেসার শরিফুল ইসলাম। কটবিহাইন্ডের শিকার হন জানেমান মালান। আউট হওয়ার আগে মাত্র ৪ রান করেন এই ওপেনার।

স্কোরবোর্ডে আরও ১৮ রান যোগ করতেই এবার জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। তিন বলের ব্যবধানে তার শিকার কাইল ভেরেইনে ও এইডেন মার্করাম। এর মধ্যে ভেরেইনে করেন ২১ ও মার্করাম রানের খাতা খোলার আগেই ফিরে যান। প্রথমজন এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ও দ্বিতীয়জন মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৫১ রান। টেম্বা ভুবামা ১৫ ও রাসি ভ্যান ডের ডুসেন ১০ রানে ব্যাট করছেন।