আজ মঙ্গলবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। ২০ মার্চের মধ্যে পূর্বঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এই কর্মসূচির ডাক দেন তারা। গত শনিবার ইউনিয়নের এক জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয় এবং এই কর্মসূচি বাসতবায়নে অটল তারা-জানান শ্রমিক নেতারা।
এর আগে, ২৬ ফেব্রুয়ারি একই দাবিতে কদমতলী টার্মিনাল এলাকায় মানববন্ধন করেন তারা। এছাড়া ৫ মার্চ জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দফতরে ৪ দফা দাবিতে স্মারকলিপি দেন তারা। সেই স্মারকলিপিতে ২০ মার্চের মধ্যে তাদের দাবী বাস্তবায়ন না হলে ২১ মার্চ থেকে কঠোর কর্মসূচির হুশিয়ারী দিয়েছিলেন তারা।
৪ দফা দাবি হলো-
সড়ক দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪(খ) ধারায় চালককে জামিন প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করতে হবে।
নুতন ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান করতে হবে, একই সঙ্গে পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেওয়া পুনরায় চালু করতে হবে।
সরকারি খাস জমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদান করতে হবে এবং রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করতে হবে।
শনিবার রাতে নগরীর দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ কার্যালয়ে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের পরিচালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, আমরা ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছি, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে ২০ মার্চ পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ অবধি আমাদের একটি দাবিও পূরণ করেনি। তাই পরিবহন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে সিলেট জেলায় মঙ্গলবার ভোর ৬টা থেকে পরিবহণ শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন।
মঙ্গলবার থেকে সিলেটে কোনো পরিবহন শ্রমিক কাজে যোগ দিবে না, গাড়ি চালাবে না। দাবি মানা না হলে পরবর্তীতে সিলেট বিভাগের সব পরিবহন শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে বিভাগ ব্যাপী কঠোর আরও কঠোর কর্মসূচি প্রদানের হুশিয়ারী দেন তারা।