তৃতীয় ওয়ানডে খেলেই দেশে ফিরবেন সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা ও দুই সন্তান সহ পরিবারের অন্তত পাঁচ জন সদস্য অসুস্থ। বর্তমানে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকা সফররত সাকিব দেশে ফিরে আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এ বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সোমবার (২১ মার্চ) মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, আগামী ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলে তারপর দেশে আসবেন সাকিব।

জালাল ইউনুস বলেন, ‘সাকিবের সঙ্গে গতকাল কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। আপনারা জানেন, তার পরিবারে একটা ক্রাইসিস যাচ্ছে। সাকিবের মা ও দুই সন্তান, তারা সবাই কিন্তু অসুস্থ। এবং তারা এভারকেয়ার হাসপাতালে আছে। খুব সম্ভবত নিউমোনিয়া হয়েছে।’

‘এখনো ও (সাকিব) বুঝে উঠতে পারছে না কী করবে। মানসিকভাবে তার একটা চাপ যাচ্ছে। আমরা জানি যে ২৩ তারিখে আরেকটা ওয়ানডে আছে। সে সিদ্ধান্ত নিয়েছে ওই ম্যাচটা খেলে দেশে ফিরবে। যদি না এর মধ্যে এখানে কোনো সিরিয়াস কিছু না হয়। তবু আমাদের অপেক্ষা করতে হবে,’ যোগ করেন তিনি।

সাকিবের পরিবার ও হাসপাতালের সঙ্গে বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান জালাল ইউনুস।