রাজশাহীতে বিএনপি নেতা চাদ কারাগারে

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২১ মার্চ) দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এই আদেশ দেন। আবু সাঈদ চাদের আইনজীবী সামশাদ বেগম মিতালী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৫ সালের ৫ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে মিছিল বের করে বিএনপি। ওই মিছিলে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করে। মামলায় আবু সাঈদ চাদ এজাহারভুক্ত আসামি না হলেও পরে অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত করা হয়।

এই মামলায় আবু সাঈদ চাদ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চান তিনি। তবে আদালত জামিনের আবেদন নাকচ করে আবু সাঈদ চাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।