দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম ওয়ানডে সিরিজ জয়, টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য সংশ্লিষ্ট সকল খেলোয়াড়, জাতীয় ক্রিকেট দলের কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারী বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে এবং তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ।  তবে, দ্বিতীয় ওয়ানডে খেলায় বাংলাদেশ সাত উইকেটে পরাজিত হয়। তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।