দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগিতায় ও ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনার অ্যাকাডেমির (আইডিইএ) তত্ত্বাবধানে 'উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন অ্যাকাডমি প্রতিষ্ঠাকরণ' শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়র অডিটারিয়াম-২ এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) আলতাফ হাসান।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. মেহেদী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় রিসার্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহাবুব হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এম কামরুজ্জামান বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত এবং সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত করতে চান এবং এবং এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ৪র্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া।
সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে। সবশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান৷
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র প্রদান করা হয়।